গ্রাহকদের দেখানোর কথা বলে চার জুয়েলার্স থেকে প্রায় ২২ ভরি সোনার গহনা নেওয়ার পর উধাও হয়েছেন লক্ষ্মীপুরের ব্যবসায়ী রণজিত পাল।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে নিজের দোকান খোলা রেখেই তিনি পালিয়ে যান বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।
রণজিত লক্ষ্মীপুর পৌর বাজার স্বর্ণকার সড়কের পাল শিল্পালয়ের স্বত্বাধিকারী। তিনি শহরের শাঁখারীপাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তার বাড়ি শরিয়তপুর জেলায়।
স্বর্ণকার সড়কের তিনজন স্বর্ণকার ব্যবসায়ী জানান, রণজিত প্রায় ৩০ বছর ধরে এ বাজারে ব্যবসা করছেন। তার সঙ্গে অন্যান্য ব্যবসায়ীদের ভালো সম্পর্ক ছিল। এক ব্যবসায়ী অন্য ব্যবসায়ীর কাছ থেকে গহনা এনে গ্রাহকদের দেখান এবং বিক্রিও করে থাকেন।
একইভাবে রণজিত সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত চারটি দোকান থেকে গ্রাহককে দেখানোর কথা বলে প্রায় ২২ ভরি সোনার গহনা আনেন। কিন্তু সেগুলো আর ফেরত দেননি। তার দোকান খোলা থাকলেও সন্ধ্যা পর্যন্ত তাকে কোথাও খোঁজ পাওয়া যায়নি। ভাড়া বাসাতেও তাকে পাওয়া যায়নি। সপরিবারে তিনি পালিয়ে গেছেন বলে স্থানীয়রা নিশ্চিত হয়েছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন তমা শিল্পালয়ের পলাশ কুরী, বণিক শিল্পালয়ের সাগর বণিক, পুনম শিল্পালয়ের ঝুটন কুরী ও শিবানী শিল্পালয়ের অসীম কর। তাদের ২২ ভরি সোনা নিয়ে রণজিত পাল পালিয়ে গেছেন বলে তারা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) লক্ষ্মীপুর শাখার সভাপতি সমীর কর্মকার বলেন, চার ব্যবসায়ীর স্বর্ণালংকার নিয়ে অন্য একজন ব্যবসায়ী পালিয়ে গেছেন। এ ঘটনায় ব্যবসায়ীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তার বাসায় গিয়েও কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে বক্তব্য জানতে অভিযুক্ত রণজিত পালের মোবাইলে কল করে বন্ধ পাওয়া যায়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ঘটনাটি জানিয়েছেন। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।







