চট্টগ্রামের কর্ণফুলী নদী হয়ে মিয়ানমারে পাচারকালে আনুমানিক চার লাখ টাকা মূল্যের ৮০০ বস্তা সিমেন্ট জব্দ করেছে কোস্টগার্ড। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কার্গো বোটও জব্দ করা হয়েছে।
তবে অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে কোস্টগার্ডের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১২ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল।
অভিযানকালে ওই এলাকায় একটি ইঞ্জিনচালিত কার্গো বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় চার লাখ টাকা মূল্যের ৮০০ বস্তা সিমেন্ট পাওয়া যায়। পরে সিমেন্টসহ কার্গো বোটটি জব্দ করা হয়।
তিনি আরও জানান, জব্দ করা সিমেন্ট ও বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্ত ও জলপথে চোরাচালান রোধে কোস্টগার্ডের এমন নজরদারি ও সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।







