বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে দীর্ঘদিন ধরেই অপেক্ষায় রয়েছেন দর্শকরা। এবার সেই অপেক্ষার অবসানের ইঙ্গিত দিলেন অভিনেতা আমির খান। তাঁর কথায়, ছবির পরিচালক রাজকুমার হিরানি চিত্রনাট্যের কাজ এগিয়ে নিচ্ছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চিত্রনাট্যের চূড়ান্ত সংস্করণ শোনার কথা রয়েছে আমিরের।
সম্প্রতি সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (SGIFF) যোগ দিয়েছিলেন আমির খান। সেখানে তাঁকে ‘স্ক্রিন আইকন অ্যাওয়ার্ড’ দিয়ে সম্মানিত করা হয়। উৎসবের মঞ্চেই ‘থ্রি ইডিয়টস ২’ নিয়ে প্রশ্নের মুখে পড়েন অভিনেতা। তখনই ছবির অগ্রগতি সম্পর্কে নতুন তথ্য জানান তিনি।
আমির জানান, এই মুহূর্তে ছবিটি নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ করার অনুমতি তাঁর নেই। তবে পরিচালক রাজকুমার হিরানি চিত্রনাট্য নিয়ে কাজ করছেন বলে নিশ্চিত করেন তিনি। আগামী দু’সপ্তাহের মধ্যে মুম্বইয়ে ফিরে চিত্রনাট্যের চূড়ান্ত সংস্করণ শোনার আশা করছেন অভিনেতা।
২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’ পরিচালনা করেছিলেন রাজকুমার হিরানি। আমির খান, আর মাধবন, শর্মন জোশী ও কারিনা কাপুর খান অভিনীত ছবিটি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। বন্ধুত্ব, শিক্ষাব্যবস্থা ও জীবনের লক্ষ্য নিয়ে নির্মিত সিনেমাটি আজও বলিউডের অন্যতম জনপ্রিয় ছবি হিসেবে বিবেচিত।
সেই ছবির দ্বিতীয় পর্ব নিয়ে নতুন খবর সামনে আসায় স্বাভাবিকভাবেই দর্শকদের আগ্রহ বেড়েছে। তবে ‘থ্রি ইডিয়টস ২’-এর শুটিং শুরুর তারিখ, অভিনয়শিল্পীদের চূড়ান্ত তালিকা কিংবা মুক্তির সময়সূচি নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।






