সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের সবাই আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট। তাদের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।
কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও এক মেয়ে।
জানা গেছে, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর জিজানে এই সড়ক দুর্ঘটনা ঘটে। আজ ভোরে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে বাংলাদেশিদের বহনকারী একটি বাসকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। নিহত সাতজন বাংলাদেশের একাধিক পরিবারের সদস্য। তাদের মধ্যে শিশুও রয়েছে। সাত বাংলাদেশির মরদেহ স্থানীয় একটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আর আহতদের একই হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।






