দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর দুর্দান্ত প্রত্যাবর্তনের স্বীকৃতি পেলেন ইংল্যান্ডের পেসার অলি রবিনসন। ২০২৬ সালে চার টেস্টে ২৮ উইকেট নিয়ে ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ৩২ বছর বয়সী এই পেসার।
মঙ্গলবার লর্ডসে অনুষ্ঠিত ভাইটালিটি ক্রিকেট মিডিয়া ক্লাব অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়। সাবেক ইংল্যান্ড অধিনায়ক বব উইলসের নামে প্রবর্তিত পুরস্কারটি জিতেছেন রবিনসন।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে রাঁচি টেস্ট খেলার পর দুই বছরের বেশি সময় ইংল্যান্ড দলের বাইরে ছিলেন তিনি। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি বছরের জুনে লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে জাতীয় দলে ফেরেন রবিনসন। প্রত্যাবর্তনের ম্যাচেই নেন সাত উইকেট।
এরপর পাকিস্তানের বিপক্ষে তিন টেস্টের সিরিজেও দুর্দান্ত বোলিং করেন এই ডানহাতি পেসার। সিরিজে তার শিকার ২১ উইকেট। তার কার্যকর বোলিংয়ে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায় ইংল্যান্ড।
নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে চার টেস্টে মাত্র ৯.৩২ গড়ে মোট ২৮ উইকেট শিকার করেন রবিনসন। এমন অসাধারণ পারফরম্যান্সই তাকে এনে দিয়েছে বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি।
ইংল্যান্ডের আসন্ন টেস্ট সূচিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অপেক্ষায় রয়েছেন এই পেসার। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ সফরের পাশাপাশি টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও তাকে ঘিরে প্রত্যাশা থাকবে।
পুরস্কার জিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রবিনসন। তিনি বলেন, ‘এই পুরস্কার পাওয়া অনেক বড় সম্মানের। দীর্ঘদিন ইংল্যান্ড দলের বাইরে থাকার পর ফিরে আসা এবং যেভাবে গ্রীষ্মকাল কাটিয়েছি, তা সত্যিই বিশেষ কিছু। এই পথচলা মোটেও সহজ ছিল না। তাই এমন স্বীকৃতি আমার কাছে আরও বেশি অর্থবহ। ইংল্যান্ডের হয়ে আবার খেলতে পেরে ভালো লাগছে। আশা করি, সামনে আরও অনেক কিছু অর্জন করতে পারব।’






