‘কিডনি আবার গজাবে’ দালালদের দৌরাত্যে গ্রামের নাম এখন ‘কিডনি ভ্যালি’

নেপালের হকসে গ্রামকে এখন বলা হয় ‘কিডনি ভ্যালি’। একসময় দারিদ্র্যের কারণে গ্রামের প্রায় প্রতিটি পরিবার থেকেই কেউ না কেউ কিডনি বিক্রি করেছিলেন। কিডনি পাচারের সেই পুরোনো ক্ষত পুরোপুরি শুকানোর আগেই দেশটিতে আরেক স্বাস্থ্যঝুঁকি দেখা দিয়েছে। বিদেশে প্রচণ্ড গরমে কাজ করতে গিয়ে কিডনি বিকল হয়ে দেশে ফিরছেন অনেক তরুণ শ্রমিক।

২০২৬ সালের মে মাসে নেপালের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর দ্য স্টাডি অব লেবার অ্যান্ড মোবিলিটি (সিইএসএলএএম) প্রকাশিত এক প্রতিবেদনে এমন একটি চক্রের তথ্য উঠে আসে।

হিমালয়ের পাদদেশের হকসে গ্রামের বাসিন্দা কাঞ্চা ও রাম অর্থের সংকটে কিডনি বিক্রি করেছিলেন। অস্ত্রোপচারের দাগ এখনো তাদের শরীরে স্পষ্ট। কাঞ্চা জানান, অস্ত্রোপচারের পরও তিনি ব্যথায় ভুগছেন এবং কাজ করতে পারছেন না। তার ভাষায়, গ্রামসহ আশপাশের এলাকায় কত মানুষ কিডনি বিক্রি করেছেন, তার হিসাব করা কঠিন।

বছরের পর বছর দালালরা অর্থের প্রলোভন দেখিয়ে মানুষকে কিডনি বিক্রিতে রাজি করিয়েছে। স্থানীয়দের কেউ কেউ অভিযোগ করেছেন, তাদের বলা হয়েছিল কিডনি আবার গজিয়ে উঠবে। এতে অনেকে গুরুতর শারীরিক ক্ষতির শিকার হয়েছেন, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে।

এদিকে পরিবারের আর্থিক অবস্থা বদলাতে নেপালের বিপুলসংখ্যক তরুণ উপসাগরীয় দেশ ও মালয়েশিয়ায় কাজ করতে যাচ্ছেন। সেখানে দীর্ঘ সময় প্রচণ্ড গরমে কাজ, পর্যাপ্ত পানি না পান করা এবং বিশ্রামের অভাবে অনেকের কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

২৯ বছর বয়সি জিত বাহাদুর গুরুং সৌদি আরবে তিন বছর কাজ করেছেন। প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজের সময় পানি পান বা বিশ্রামের সুযোগ খুব কম ছিল। একপর্যায়ে তার পা ফুলে যায় এবং হাঁটতে সমস্যা হয়। পরীক্ষা করে জানা যায়, তার কিডনি বিকল হয়েছে। এখন সপ্তাহে তিন দিন তাকে ডায়ালাইসিস নিতে হচ্ছে।
দুবাইয়ে সাত বছর কাজ করা ৩৪ বছর বয়সি ইশ্বরও একই সমস্যায় পড়েছেন। প্রতিদিন প্রায় ১৬ ঘণ্টা প্রচণ্ড গরমে কাজ করার পর তার শরীর ফুলে যেতে শুরু করে। বর্তমানে তিনি কিডনি প্রতিস্থাপনের অপেক্ষায় রয়েছেন।

নেপালের মানব অঙ্গ প্রতিস্থাপন কেন্দ্রের চিকিৎসক পুকার শ্রেষ্ঠ জানান, আগে মূলত বয়স্ক রোগীদের কিডনি প্রতিস্থাপন করা হলেও এখন তরুণদের সংকুচিত ও ক্ষতিগ্রস্ত কিডনি নিয়ে হাসপাতালে আসতে দেখা যাচ্ছে। বিদেশফেরত শ্রমিকরা দেশের মোট কিডনি প্রতিস্থাপনের প্রায় এক-তৃতীয়াংশের সঙ্গে যুক্ত, যদিও তারা নেপালের মোট জনসংখ্যার প্রায় ১৪ শতাংশ।

এর পাশাপাশি নেপাল-ভারত সীমান্ত ব্যবহার করে কিডনি পাচারের অভিযোগও নতুন করে সামনে এসেছে।

সেন্টার ফর দ্য স্টাডি অব লেবার অ্যান্ড মোবিলিটি (সিইএসএলএএম) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ভারতের হোটেলে চাকরি দেওয়ার কথা বলে সিন্ধুলির এক ব্যক্তিকে ভারতে নিয়ে যায় একটি চক্র। চণ্ডীগড়ে প্রায় এক মাস আটকে রাখার পর রক্ত, প্রস্রাব ও এক্স-রে পরীক্ষার নামে তাকে ক্লিনিকে নেওয়া হয়। পরে জানানো হয়, তার কিডনি অপসারণ করা হবে এবং বিনিময়ে ৬ লাখ রুপি দেওয়া হবে। আপত্তি জানালে তাকে জোর করে অচেতন করে বাম কিডনি অপসারণ করা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে মাত্র ১০ হাজার রুপি দিয়ে তাকে নেপালে পাঠিয়ে দেওয়া হয়।
মানবপাচার তদন্ত ব্যুরোর এসএসপি কৃষ্ণ পাঙ্গেনি বলেন, অর্থনৈতিকভাবে দুর্বল মানুষকে বিদেশে চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ফাঁদে ফেলার ঘটনা বিচ্ছিন্ন নয়। অনেক ভুক্তভোগী শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর কিংবা প্রতিশ্রুত অর্থ না পেয়ে কর্তৃপক্ষের কাছে আসেন।

চিকিৎসকদের মতে, বিদেশে যাওয়ার আগে শ্রমিকদের প্রচণ্ড গরমে পর্যাপ্ত পানি পান, নিয়মিত বিরতি ও স্বাস্থ্যকর খাবারের বিষয়ে সচেতন করা জরুরি। জলবায়ু পরিবর্তনের কারণে উপসাগরীয় অঞ্চলে তাপপ্রবাহের ঝুঁকি বাড়ায় ভবিষ্যতে এ স্বাস্থ্যঝুঁকি আরও বাড়তে পারে।

সূত্র: স্কাই নিউজ ও সিইএসএলএএম

  • Related Posts

    জুয়া— ইহকাল ও পরকালের ধ্বংসের ফাঁদ

    দৈনন্দিন জীবনের ক্লান্তিকর ব্যস্ততা কিংবা রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হওয়ার অলীক স্বপ্ন মানুষকে প্রায়শই এক অন্ধকার ও সর্বনাশা পথের দিকে টেনে নেয়। এই পথের নাম জুয়া। বাহ্যিক দৃষ্টিতে এটি…

    মিয়ানমারে পাচারকালে ৮০০ বস্তা সিমেন্টসহ কার্গো বোট জব্দ

    চট্টগ্রামের কর্ণফুলী নদী হয়ে মিয়ানমারে পাচারকালে আনুমানিক চার লাখ টাকা মূল্যের ৮০০ বস্তা সিমেন্ট জব্দ করেছে কোস্টগার্ড। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কার্গো বোটও জব্দ করা হয়েছে। তবে অভিযান…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    জুয়া— ইহকাল ও পরকালের ধ্বংসের ফাঁদ

    জুয়া— ইহকাল ও পরকালের ধ্বংসের ফাঁদ

    মিয়ানমারে পাচারকালে ৮০০ বস্তা সিমেন্টসহ কার্গো বোট জব্দ

    মিয়ানমারে পাচারকালে ৮০০ বস্তা সিমেন্টসহ কার্গো বোট জব্দ

    ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

    ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

    অক্টোবরের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫১৩ মিলিয়ন

    অক্টোবরের ৫ দিনে  রেমিট্যান্স এলো ৫১৩ মিলিয়ন

    দীর্ঘ ১৫ বছর পর ফের একসঙ্গে শাহরুখ-কারিনা

    দীর্ঘ ১৫ বছর পর ফের একসঙ্গে শাহরুখ-কারিনা

    শীতের তিন মাসেও গ্যাস নিয়ে নেই কোনো সুখবর

    শীতের তিন মাসেও গ্যাস নিয়ে নেই কোনো সুখবর