ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টায় শুরু হয়ে চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, নতুন শিক্ষাবর্ষে ক্লাস শুরু হবে ২৮ মার্চ ২০২৭।
পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র:
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান; বিজ্ঞান; ব্যবসায় শিক্ষা; চারুকলা এবং আইবিএ—এই পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ ডিসেম্বর আইবিএ, ১২ ডিসেম্বর বিজ্ঞান, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ২২ ডিসেম্বর চারুকলা এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা হবে।
আইবিএ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং অন্য চার ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে। চারুকলা ও আইবিএ ছাড়া অন্য তিন ইউনিটের পরীক্ষা ঢাকার বাইরে আটটি বিভাগীয় শহরেও অনুষ্ঠিত হবে।
নম্বর বণ্টন ও মূল্যায়ন:
ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফলের ওপর ২০ নম্বর এবং ভর্তি পরীক্ষায় ১০০ নম্বর থাকবে। আইবিএ-তে ৭০ নম্বরের এমসিকিউ ও ৩০ নম্বরের বর্ণনামূলক; চারুকলায় ৪০ নম্বরের এমসিকিউ ও ৬০ নম্বরের অঙ্কন এবং অন্য তিন ইউনিটে ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে।
আবেদনের যোগ্যতা:
শিক্ষার্থীদের ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে মাধ্যমিক এবং ২০২৬ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের বিজ্ঞান, কলা ও ব্যবসায় শিক্ষা ইউনিটে আবেদনের জন্য জিপিএর যোগফল ন্যূনতম ৮.০ (পৃথকভাবে ৩.৫) থাকতে হবে। তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের এই তিন ইউনিটের যেকোনোটিতে আবেদনের জন্য জিপিএর যোগফল ন্যূনতম ৭.৫ (পৃথকভাবে ৩.০) প্রয়োজন। আর চারুকলা ইউনিটে আবেদনের জন্য সবার ক্ষেত্রেই জিপিএ কমপক্ষে ৬.৫ (পৃথকভাবে ৩.০) হতে হবে।
এছাড়া বিজ্ঞান ইউনিটে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য পৃথক প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।






