নির্মাণের ছয় মাসেই দেড় কোটি টাকার বেড়িবাঁধে ধস

বরগুনা সদর উপজেলার পোটকাখালী আশ্রয়ণ প্রকল্পের উত্তর পাশে ১ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত রিং বেড়িবাঁধটি ছয় মাসের মাথায় বিভিন্ন স্থানে ধসে পড়েছে। বাঁধের গাইডওয়ালও ভেঙে খালে পড়েছে। নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের উপকরণ ব্যবহারের কারণে এমন পরিস্থিতি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

রোববার (১৮ অক্টোবর) বাঁধের বিভিন্ন স্থানে ভাঙন ও গাইডওয়াল খালে পড়ে থাকার চিত্র দেখা যায়। দুর্যোগের ঝুঁকি হ্রাস প্রকল্পের আওতায় বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) অর্থায়নে বাঁধটি নির্মাণ করা হয়। প্রকল্প বাস্তবায়নে সহযোগী ছিল স্থানীয় উন্নয়ন সংস্থা জাগোনারী।

স্থানীয়দের অভিযোগ, নিয়ম অনুযায়ী দূর থেকে ৪০ শতাংশ মাটি পরিবহণের কথা থাকলেও তা করা হয়নি। বরং পাশের খাল খনন করে সেই মাটি দিয়েই বাঁধ নির্মাণ করা হয়েছে। এতে বাঁধের পাশের মাটি দুর্বল হয়ে পড়েছে। এ ছাড়া প্রকল্পের আওতায় ৬৫০ মিটার বেড়িবাঁধ নির্মাণের কথা থাকলেও বাস্তবে ৬২৮ মিটার নির্মাণ করা হয়েছে বলে দাবি তাদের।

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ইব্রাহিম বলেন, ভেবেছিলাম, নতুন রাস্তা হয়েছে, এখন কষ্ট কমবে। কিন্তু সেই কষ্টই রয়ে গেল। বৃষ্টির সময় কাদামাটি দিয়ে রাস্তার কাজ করায় মাটি ধুয়ে নেমে যায়। এ কারণে বাঁধ ও গাইডওয়াল অল্প সময়ের মধ্যেই ধসে পড়েছে।

স্থানীয় বাসিন্দা খালেক হাওলাদার বলেন, জাগোনারীর যথাযথ তদারকির অভাবে নির্মাণকাজের মান খারাপ হয়েছে। কাজ শেষ হওয়ার দুই মাসের মধ্যেই বাঁধের বিভিন্ন অংশে ভাঙন দেখা দেয়।
জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে-আরা হাসি  বলেন, এ কাজটি আমরা যৌথভাবে করেছি। কিন্তু অতিবৃষ্টির কারণে বেড়িবাঁধটি ভেঙে যায়। পাশে আমরা একটি গাইডওয়ালও দিয়েছিলাম। সেটিও ভেঙে গেছে। এই বেড়িবাঁধটি করার আগে আমার নামে একটি মামলাও হয়েছিল। সেখানে আমাকে অনেক ঝামেলায় পড়তে হয়েছে। তাছাড়া ঠিকাদার কর্তৃক আমাদের ৫ পার্সেন্ট সিকিউরিটি মানি নেওয়া আছে। সেখানে প্রায় সাত লাখ টাকা জমা রয়েছে। সামনে একটি বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি কমলেই ঠিকাদাররা কাজটি করে দেবে।

ঠিকাদার মো. মিল্টন বলেন, নকশায় ত্রুটি থাকায় বাঁধটি ধসে পড়েছে। বর্ষা মৌসুম শেষ হলে মেরামতের কাজ করা হবে।

বরগুনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, তদারকির জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। তবে জাগোনারী কমিটিতে সরকারি কর্মকর্তাদের নাম অন্তর্ভুক্ত করলেও তদারকির জন্য কখনো ডাকেনি বলে অভিযোগ করেন তিনি।

বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ বলেন, বৃষ্টি কমলে ঠিকাদার বাঁধটি মেরামত করে দেবেন বলে জাগোনারী জানিয়েছে। নির্মাণকাজে অনিয়ম হয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

  • Related Posts

    মসজিদের চেয়েও পবিত্র মানুষের প্রাণ

    সম্প্রতি সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের খবর আমাদের সামনে ধর্মীয় পবিত্রতা, ন্যায়বিচার এবং মানুষের জীবনের মূল্য নিয়ে এক গভীর প্রশ্ন হাজির করেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, তাদের বিরুদ্ধে…

    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ

    অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের মুখে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী । শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নামেন ইশরাক।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মসজিদের চেয়েও পবিত্র মানুষের প্রাণ

    মসজিদের চেয়েও পবিত্র মানুষের প্রাণ

    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ

    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ

    হিলিতে মাদকসহ বিএনপির চার নেতাকর্মী গ্রেফতার

    হিলিতে মাদকসহ বিএনপির চার নেতাকর্মী গ্রেফতার

    নির্মাণের ছয় মাসেই দেড় কোটি টাকার বেড়িবাঁধে ধস

    নির্মাণের ছয় মাসেই দেড় কোটি টাকার বেড়িবাঁধে ধস

    দিনাজপুরে ঘর থেকে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার

    দিনাজপুরে ঘর থেকে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার

    আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

    আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু