পেটে গজ রেখে সেলাই- রোগীর মৃত্যু, সমরিতা হাসপাতালের ওটি বন্ধ ঘোষণা

ফরিদপুরে সিজারিয়ান অস্ত্রোপচারের পর এক নারী রোগীর পেটের ভেতরে সার্জিক্যাল গজ রেখে সেলাই দেওয়ার অভিযোগ উঠে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় রোগী কনিকা মণ্ডলের মৃত্যুর ঘটনায় শহরের নিলটুলি মুজিব সড়কে অবস্থিত সমরিতা জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার পর হাসপাতালটির ওটির কার্যক্রম বন্ধ করা হয়। পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন স্বাস্থ্য বিভাগে জমা দেওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

চলতি বছরের ২৯ জুন প্রসবব্যথা শুরু হলে রাজবাড়ীর জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের অশান্ত মণ্ডলের স্ত্রী কনিকা মণ্ডলকে শহরের নিলটুলী মুজিব সড়ক এলাকার সমরিতা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন সন্ধ্যায় হাসপাতালের কনসালটেন্ট ও স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ সার্জন লক্ষী রানী দত্ত তার সিজারিয়ান অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের মাধ্যমে একটি কন্যাসন্তানের জন্ম হয়।

পরিবারের অভিযোগ, অস্ত্রোপচারের পর থেকেই কনিকা মণ্ডলের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে তার পেট অস্বাভাবিকভাবে ফুলে যায় এবং বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দেয়। অবস্থার উন্নতি না হওয়ায় গত ১৯ আগস্ট দিবাগত রাত সোয়া ২টার দিকে তাকে ঢাকার কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়।

পরিবারের দাবি, সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তার পেটের ভেতরে সার্জিক্যাল গজ থাকার বিষয়টি শনাক্ত করেন। পরে অস্ত্রোপচার করে তার পেট থেকে গজ বের করা হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত ১৯ আগস্ট রাতেই কনিকা মণ্ডলের মৃত্যু হয়।

এদিকে, কনিকার স্বামী অশান্ত মণ্ডলের দাবি, চিকিৎসক লক্ষী রানী দত্ত ভুল চিকিৎসার বিষয়টি স্বীকার করে তার হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে ক্ষমা চেয়েছিলেন।

ঘটনাটি জানাজানি হলে স্বাস্থ্য বিভাগ তদন্তের উদ্যোগ নেয়। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। দীর্ঘ তদন্ত শেষে কমিটি তাদের প্রতিবেদন স্বাস্থ্য বিভাগের কাছে জমা দেয়। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় সমরিতা জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, কনিকা মণ্ডলের মৃত্যুর পরদিন সকালে তার বাড়িতে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় তিনি ঘটনাটির সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

এদিকে ওটির কার্যক্রম বন্ধের ঘটনায় হাসপাতালটির চিকিৎসা কার্যক্রম ও অস্ত্রোপচার ব্যবস্থাপনা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে অস্ত্রোপচারের পর রোগীর পেটের ভেতরে গজ কীভাবে রয়ে গেল, অস্ত্রোপচার শেষে প্রয়োজনীয় গণনা ও যাচাই যথাযথভাবে করা হয়েছিল কিনা এবং পরবর্তী সময়ে রোগীর শারীরিক অবনতির কারণ যথাসময়ে শনাক্ত করা হয়েছিল কিনা, এসব বিষয় তদন্তের আওতায় এসেছে।

ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান বলেন, কনিকা মণ্ডলের মৃত্যুর ঘটনায় সমরিতা হাসপাতালের বিষয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। দীর্ঘ তদন্ত শেষে কমিটি তাদের প্রতিবেদন স্বাস্থ্য বিভাগে জমা দেয়। স্বাস্থ্য বিভাগের তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার বিকালে সমরিতা হাসপাতালের অপারেশন থিয়েটারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

  • Related Posts

    ১২ কেজি এলপিজির দাম ২৫০০ টাকা !

    কৃত্রিম সংকট তৈরি করে এলপিজির দামে চলছে নৈরাজ্য। ১২ কেজির সিলিন্ডারে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি গুনতে হচ্ছে ৮শ থেকে ১ হাজার টাকা। কোথাও আবার বাড়তি দরেও না পাওয়ার দাবি…

    ন্যাটোর সঙ্গে নতুন করে উত্তেজনা, পরমাণু হামলার হুমকি রাশিয়ার

    যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সঙ্গে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে রাশিয়ার। বাল্টিক সাগরের তীরে অবস্থিত রুশ ভূখণ্ড কালিনিনগ্রাদকে বিচ্ছিন্ন বা অবরোধের চেষ্টা করা হলে পারমাণবিক অস্ত্রসহ নিজেদের পুরো অস্ত্রভাণ্ডার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ১২ কেজি এলপিজির দাম ২৫০০ টাকা !

    ১২ কেজি এলপিজির দাম ২৫০০ টাকা !

    ন্যাটোর সঙ্গে নতুন করে উত্তেজনা, পরমাণু হামলার হুমকি রাশিয়ার

    ন্যাটোর সঙ্গে নতুন করে উত্তেজনা, পরমাণু হামলার হুমকি রাশিয়ার

    পাকিস্তানের কাছে হেরে এশিয়ান গেমস থেকে বিদায় বাংলাদেশ

    পাকিস্তানের কাছে হেরে এশিয়ান গেমস থেকে বিদায় বাংলাদেশ

    আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

    আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

    পেটে গজ রেখে সেলাই- রোগীর মৃত্যু, সমরিতা হাসপাতালের ওটি বন্ধ ঘোষণা

    পেটে গজ রেখে সেলাই- রোগীর মৃত্যু, সমরিতা হাসপাতালের ওটি বন্ধ ঘোষণা

    বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ