চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর ব্যাগেজ থেকে ৪০ কেজি ওজনের ১ হাজার ৩০০ পিস নিষিদ্ধ ‘ফ্রেস অ্যান্ড হোয়াইট’ বিউটি ক্রিম জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব ক্রিমের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন কর্মকর্তারা। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই-চট্টগ্রাম (বিজি-১৪৮) ফ্লাইটে আসা মোহাম্মদ জাহেদ নামের ওই যাত্রীর ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করে এসব ক্রিম পাওয়া যায়।
কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ জানিয়েছে, নিষিদ্ধ এসব প্রসাধনী আমদানি করা প্রযোজ্য আমদানি নীতি আদেশের সুস্পষ্ট লঙ্ঘন। জব্দকৃত চালানটি পরবর্তী ব্যবস্থার জন্য বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এগুলো ধ্বংসযোগ্য পণ্য হওয়ায় এর বিপরীতে কোনো রাজস্ব আয় প্রযোজ্য নয়। তবে ওই যাত্রী প্রথমবারের মতো এ ধরনের ঘটনায় জড়িত থাকায় তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।






