যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ‘ফুল সেলফ-ড্রাইভিং’ বা স্বয়ংক্রিয়ভাবে চলাচলের মোডে থাকা একটি টেসলা গাড়ির ধাক্কায় ৭১ বছর বয়সী এক পথচারী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর, ২০২৬) গভীর রাতে ভালেজো শহরের ৮০ নম্বর আন্তরাজ্য মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। চালকের দাবি, দুর্ঘটনার সময় গাড়িটি ‘অ্যাসিস্ট্যান্স’ বা চালককে সহায়তাকারী মোডে ছিল।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রলের (সিএইচপি) তথ্য অনুযায়ী, ওই দিন রাত ২টা ৩৪ মিনিটের দিকে বৃদ্ধটি মহাসড়কের ডান পাশ থেকে বিভাজকের দিকে যাচ্ছিলেন। এ সময় সান ফ্রান্সিসকোর ২৬ বছর বয়সী এক তরুণের চালানো টেসলা গাড়িটি তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় গাড়িটির গতি ছিল ঘণ্টায় ১১২ কিলোমিটার। তবে মাঝরাতে ওই ব্যক্তি কেন ব্যস্ত মহাসড়ক পার হচ্ছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
সিএইচপি এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, পথচারীকে বাঁচাতে টেসলার চালক ব্রেক করেছিলেন এবং গাড়িটি বাঁ দিকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। তা সত্ত্বেও গাড়ির সামনের ডান দিকের অংশ ওই বৃদ্ধকে আঘাত করে। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, রাস্তায় পড়ে থাকার সময় আরেকটি গাড়ি ওই বৃদ্ধকে চাপা দেয়। দুর্ঘটনার পর কেবল টেসলার চালকই ঘটনাস্থলে থেমেছিলেন।
ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী, স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করলেও নিরাপদে গাড়ি চালানোর মূল দায়িত্ব চালকের ওপরই থাকে। টেসলার নির্দেশিকাতেও চালকদের সব সময় স্টিয়ারিং হুইলে হাত রাখার এবং জরুরি মুহূর্তে গাড়ির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। স্বয়ংক্রিয় এই ফিচারটি জনপ্রিয় হলেও দীর্ঘদিন ধরেই এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে।
স্বয়ংক্রিয় মোডে থাকা টেসলা গাড়ির দুর্ঘটনার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত জুন মাসে টেক্সাস অঙ্গরাজ্যের কেটি শহরে স্বয়ংক্রিয় মোডে থাকা একটি টেসলা গাড়ি ৭৬ বছর বয়সী মার্থা আভিলা নামের এক নারীর বাড়িতে ঢুকে পড়ে। এতে ওই নারী নিহত হন। সেই দুর্ঘটনার সময় মাইকেল বাটলার নামের এক চালক গাড়িটি চালাচ্ছিলেন।






