ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্বাচনী প্রচার শেষ হচ্ছে আগামী ২৭ অক্টোবর সকাল ৮টায়। এরপর ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের নির্বাচনী প্রচার থেকে বিরত থাকতে হবে প্রার্থীদের।
শনিবার নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। প্রার্থীদের বিষয়টি অবহিত করতে ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনাও পাঠিয়েছে কমিশন।
নির্দেশনায় বলা হয়েছে, সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে সব ধরনের নির্বাচনী প্রচার বন্ধ করতে হবে। আগামী ২৯ অক্টোবর সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে। সেই হিসাবে ২৭ অক্টোবর সকাল ৮টায় শেষ হবে নির্বাচনী প্রচার কার্যক্রম।
এ উপনির্বাচনে প্রার্থীরা হলেন-বিএনপির মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।
বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এ আসন থেকে পদত্যাগ করেন। পরে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এরপর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।






