চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায়। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনের পরপরই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হবে।
সাধারণত ফল প্রকাশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগে এ পাবলিক পরীক্ষার পাসের হারসহ কোনো তথ্য জানা সম্ভব হয় না। তবে এবার ফল প্রকাশের দুই-তিন দিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য।
‘ব্রেকিং নিউজ: এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩%’ শিরোনামে মিডিয়ার সূত্র উল্লেখ করে প্রচার করা হচ্ছে এ দাবি। অর্ধশতাধিক ফেসবুক পেজ, গ্রুপ ও ব্যক্তিগত প্রোফাইল থেকে ফটোকার্ড এবং লিখিত পোস্টের মাধ্যমে ছড়ানো হচ্ছে তথ্যটি।
তথ্য অনুযায়ী, ১১টি শিক্ষা বোর্ড ফলাফল চূড়ান্ত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কাছে পাঠায়। পরে কমিটি সামগ্রিক ফলাফল চূড়ান্ত করে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, একসঙ্গে ১১টি শিক্ষা বোর্ডের ফলাফলের তথ্য কারও কাছে থাকার কথা নয়।
তারা আরও জানান, ফল প্রকাশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে ফলাফলের তথ্য থাকলেও তা কঠোর গোপনীয়তার মধ্যে রাখা হয়। ফলে ফল প্রকাশের দুই-তিন দিন আগে পাসের হারসহ কোনো তথ্য জানার সুযোগ নেই বললেই চলে।
খোঁজ নিয়ে জানা গেছে, একটি টিভির স্ক্রলের ভুয়া স্ক্রিনশট থেকেই মূলত এ গুজবের সূত্রপাত। ওই স্ক্রিনশটে লেখা ছিল, ‘সর্বশেষ আগামী ৩১শে অক্টোবর এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পাশের হার ৫৩.২৩%’।
পরে স্ক্রিনশটটি এবং সময় টিভিকে তথ্যসূত্র হিসেবে উল্লেখ করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত আইডি থেকে তথ্যটি ছড়ানো হয়। কেউ ফটোকার্ড তৈরি করে, আবার কেউ সরাসরি লিখিত পোস্ট দিয়ে প্রচার করছেন।







