জয় দিয়েই এশিয়া কাপ আর্চারি (লেগ-২) শুরু করল বাংলাদেশ। গত রবিবার থেকে শুরু হওয়া বাছাইপর্বে কম্পাউন্ড বিভাগের পুরুষ ও নারী—
দুই একক ইভেন্টেই শীর্ষে উঠে এসেছেন লাল-সবুজের প্রতিনিধিরা। অন্যদিকে রিকার্ভ বিভাগে যথাক্রমে শীর্ষ বাছাইয়ে রয়েছে ইরান ও পাকিস্তান।
বাছাইপর্বে কম্পাউন্ড পুরুষদের একক ইভেন্টে শীর্ষ স্থানের জন্য তীব্র লড়াই দেখা যায়। বাংলাদেশের নওয়াজ আহমেদ রাকিব ও মেক্সিকোর পাভেল কুজনেতসভ—উভয়েই ৬৯৩ পয়েন্ট অর্জন করেন। তবে ১৮টি ‘এক্স’ মেরে কুজনেতসভকে (১৭টি এক্স) পেছনে ফেলে প্রথম স্থান নিশ্চিত করেন রাকিব।
বাছাইপর্বে চতুর্থ হওয়া হিমু বাছাড় এবং নওয়াজ আহমেদ রাকিব—উভয়েই ছিলেন ব্যাংককে অনুষ্ঠিত প্রথম পর্বের সেই ঐতিহাসিক দলের সদস্য, যেখানে কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশকে প্রথম এশিয়া কাপ সোনা এনে দিয়েছিল। সুলাইমানিয়াতেও দলগত ইভেন্টে বাংলাদেশ শীর্ষ স্থানে থাকায় এবার খেতাব ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবেন এই দুই আর্চার।
নারীদের কম্পাউন্ড বিভাগেও রাজত্ব করেছে বাংলাদেশ। ৬৯৬ পয়েন্ট অর্জন করে তালিকার শীর্ষে রয়েছেন বন্যা আক্তার। স্বাগতিক ইরাকের ফাতিমা সায়াদ আল-মাশহাদানি ৬৯৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে স্বাগতিকদের মুখে হাসি ফুটিয়েছেন। এ ছাড়া ৬৮৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন মেক্সিকোর এলমিরা রাইসোভা।
রিকার্ভ পুরুষ বিভাগে ৬৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন ইরানের মোহাম্মদহোসেইন গোলশানি আসল। ৬৬১ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্রের নিকোলাস ডি’আমোর এবং ৬৫৭ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের আবদুর রহমান আলিফ।
নারীদের রিকার্ভ বিভাগে শীর্ষে রয়েছেন মেক্সিকোর আলেক্সান্দ্রা জেমলিয়ানোভা (৬৫৮ পয়েন্ট)। প্রথমার্ধে ৩২৬ পয়েন্ট পাওয়ার পর দ্বিতীয়ার্ধে ৩৩২ পয়েন্ট তুলে নেন তিনি। ব্যাংককে অনুষ্ঠিত প্রথম পর্বে স্বর্ণজয়ী মেক্সিকো নারী রিকার্ভ দলের সদস্য ছিলেন জেমলিয়ানোভা। এবারও রিকার্ভ নারী দলগত ইভেন্টে মেক্সিকো শীর্ষে থাকায় সেই ধারাবাহিকতা বজায় রেখে শিরোপা ধরে রাখার মিশনে নামবে দলটি।
আজ সোমবার ইরাকের সুলাইমানিয়া স্পোর্টস ক্লাবে শুরু হচ্ছে দলগত ও মিশ্র দলগত নকআউট পর্ব।







