মা ইলিশ সংরক্ষণ ও নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিয়মিত টহল, বিশেষ অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ডের পূর্ব জোন। নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ রয়েছে। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে কোস্ট গার্ড পূর্ব জোনের আওতাধীন এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান চালানো হচ্ছে।
এ ছাড়া জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করা হচ্ছে।
কোস্ট গার্ড জানায়, দেশের সমুদ্র, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মৎস্যসম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ এবং সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নে বাহিনীটি দায়িত্ব পালন করে আসছে।
মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘনসহ যেকোনো অনিয়মের তথ্য জানাতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।






