মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে মুন্সীগঞ্জের মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ ও নৌ পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মুন্সীগঞ্জ সদর উপজেলাধীন মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নদীতে পাতা মালিকবিহীন প্রায় ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ টাকা। পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নির্দেশনায় নদীর তীরে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে জালগুলো ধ্বংস করা হয়।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেমের নেতৃত্বে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমানসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে এবং ইলিশের উৎপাদন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।






