আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বাংলাদেশ সময় আগামীকাল বুধবার (৭ অক্টোবর) ভোরে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই তারকার বিদায়ী ম্যাচ ঘিরে ইতোমধ্যে আবেগে ভাসছে আর্জেন্টিনা। বিশেষ করে তার জন্মশহর রোজারিও যেন সেজেছে এক ভিন্ন রূপে।
রোজারিও থেকে প্রায় ২৯০ কিলোমিটার দূরে বুয়েন্স এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি। প্রিয় তারকাকে সম্মান জানাতে রোজারিওর ন্যাশনাল ফ্ল্যাগ মেমোরিয়ালে স্থাপন করা হয়েছে ৩০ মিটার দীর্ঘ একটি বিশেষ জার্সি। জার্সিটিতে সোনালি অক্ষরে লেখা হয়েছে ‘গ্রাসিয়াস’—স্প্যানিশ ভাষায় যার অর্থ ‘ধন্যবাদ’।
বিশাল ওই জার্সির বুকে সোনালি রঙে ফুটিয়ে তোলা হয়েছে মেসির বিখ্যাত ১০ নম্বর। আর্জেন্টিনার হয়ে তার অসাধারণ অবদানকে স্মরণ করতেই এমন ব্যতিক্রমী আয়োজন করেছেন স্থানীয় ফুটবলপ্রেমীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
বিদায়ী ম্যাচ উপলক্ষে বিশেষ প্রস্তুতি নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)ও। ম্যাচ শুরুর আগে থাকবে সাংস্কৃতিক আয়োজন ও সংগীত পরিবেশনা। ম্যাচ শেষে মেসির হাতে তুলে দেওয়া হবে তার বর্ণাঢ্য ক্যারিয়ারকে স্মরণ করে তৈরি একটি বিশেষ স্মারক জার্সি। এছাড়া স্টেডিয়ামের বড় পর্দায় দেখানো হবে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলো নিয়ে তৈরি একটি ভিডিও।
শেষ ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের অনুশীলনেও যোগ দিয়েছেন মেসি। সতীর্থদের সঙ্গে তাকে বেশ হাসিখুশি দেখা গেছে। দীর্ঘদিনের সঙ্গীদের সঙ্গে শেষবারের মতো সময় কাটিয়ে নিচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক। অনুশীলনের ফাঁকে সতীর্থদের সঙ্গে হাসি-ঠাট্টায়ও মেতে উঠতে দেখা গেছে তাকে।
মনুমেন্টালে জাতীয় দলের হয়ে শেষ অনুশীলন শেষে নিজের নামে নামাঙ্কিত এজেইজা ট্রেনিং কমপ্লেক্সে রাতের খাবার খান মেসি। পরে নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে লেখেন, ‘বিশেষ কিছু মুহূর্ত। আমি জানি, এগুলো খুব মিস করব।’
পোস্ট করা ছবিগুলোর মধ্যে একটি বিশেষভাবে নজর কেড়েছে সমর্থকদের। সেখানে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া, জাতীয় দলের ফুটবলার, কোচিং স্টাফ এবং এএফএর কর্মীদের সঙ্গে এক ফ্রেমে দেখা যায় মেসিকে। জাতীয় দলের সবার সঙ্গে ছবি তোলা তার জন্য নতুন কিছু না হলেও, এবার ছবিটির আবেগময় তাৎপর্য ভিন্ন। কারণ, আর্জেন্টিনার জার্সিতে এটিই তার শেষ অধ্যায়ের শেষ মুহূর্তগুলোর একটি।
গত ৩১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দেন মেসি। সেই ঘোষণার পর এবার মাঠে নেমে আনুষ্ঠানিকভাবে শেষ করবেন তার বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার।
বেনিনের বিপক্ষে ম্যাচটি হবে আর্জেন্টিনার হয়ে মেসির ২০৮তম আন্তর্জাতিক ম্যাচ। এর আগে ২০৭ ম্যাচে তিনি করেছেন ১২৫ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬৮টি গোল। বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমাসহ অসংখ্য সাফল্যে ভরা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় রচিত হবে আগামীকাল ভোরে।






