খাগড়াছড়ির রামগড়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সচিবের বড় ভাই পরিচয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমের কাছে এক লাখ টাকা দাবি করার অভিযোগে মো. রেজাউল করিম (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। আটক রেজাউল করিম কুমিল্লার চান্দিনা উপজেলার এম এ খালেকের ছেলে। জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, তিনি বর্তমানে ঢাকার মিরপুরে বসবাস করেন।
ইউএনও কাজী শামীম জানান, দুই দিন আগে এক ব্যক্তি ফোন করে নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সচিবের বড় ভাই হিসেবে পরিচয় দেন। মঙ্গলবার সকালে ওই ব্যক্তি ফোন করে জানান, তিনি রামগড়ে অবস্থান করছেন। পরে তাকে ইউএনও কার্যালয়ে আসতে বলা হয়।
কার্যালয়ে আসার পর তাকে নাশতা দেওয়া হয়। একপর্যায়ে তিনি ইউএনওর বদলির বিষয় নিয়ে কথা বলেন। পরে নিজের আর্থিক সংকটের কথা জানিয়ে এক লাখ টাকা ধার চান। ঢাকায় ফিরে ওই টাকা পরিশোধ করবেন বলেও জানান তিনি।
তার কথাবার্তায় সন্দেহ হলে ইউএনও সংশ্লিষ্ট সচিবের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। তবে সচিব ওই ব্যক্তির বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি। পরে রেজাউল করিমের পরিচয় ও অবস্থান সম্পর্কে খোঁজ নিয়ে সন্দেহ আরও বাড়ে।
ইউএনও জানান, রেজাউল করিম রামগড়ে অবস্থানকালে থানার ওসির পরিচয় ব্যবহার করে একটি আবাসিক হোটেলে উঠেছিলেন বলে জানা যায়। তবে রামগড় থানার ওসি মোহাম্মদ নাজির আলম ওই ব্যক্তিকে চেনেন না বলে নিশ্চিত করেন। পরে প্রতারণার অভিযোগে রেজাউল করিমকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
রামগড় থানার ওসি মোহাম্মদ নাজির আলম বলেন, প্রতারণার অভিযোগে রেজাউল করিম নামে এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ইউএনও কার্যালয়ের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







