৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা

পানামার দক্ষিণ উপকূলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বাড়িঘর ও বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে ছয়টি প্রদেশে। বন্ধ রাখা হয়েছে দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচল। ভূমিকম্পের পর এক ডজনের বেশি আফটারশক অনুভূত হয়েছে। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় ও খোলা জায়গায় আশ্রয় নিয়েছেন বাসিন্দারা। ভয়াবহ ক্ষতির আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

শুক্রবার বিকালে পানামার দক্ষিণাঞ্চলে এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৭ দশমিক ৮ মাইল গভীরে। এতে হতাহতের আশঙ্কা রয়েছে। টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা গেছে, ভূমিকম্পের পর একের পর এক মৃদু কম্পনে আতঙ্কিত হয়ে রাস্তায় জড়ো হয়েছেন বাসিন্দারা। এ সময় কয়েকজন বয়স্ক মানুষকে কান্নায় ভেঙে পড়তেও দেখা যায়।

দক্ষিণ পানামার হেরেরা প্রদেশের ৭৪ বছর বয়সি বাসিন্দা রিকার্ডো ব্রাউন বলেন, ‘আমরা ভয়ে আছি। এখানে আমরা দুজন বয়স্ক মানুষ ছাড়া আর কেউ নেই। বাড়িতে ফাটল ধরেছে। ভয় হচ্ছে, এটি আমাদের ওপর ভেঙে পড়তে পারে।’

তিনি জানান, লাস মিনাস এলাকায় ভূমিকম্পে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিদ্যুৎ ও বিমান চলাচল ব্যাহত

বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নাতুরগির তথ্য অনুযায়ী, পানামার ছয়টি প্রদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আঞ্চলিক বিমান যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র টোকুমেন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে।

ভূমিকম্পের পর রাজধানী পানামা সিটিতে যান চলাচলে তীব্র জট সৃষ্টি হয়। ভবনগুলোর সম্ভাব্য ক্ষতি নিয়ে উদ্বেগের মধ্যে বিভিন্ন অফিস থেকে কর্মীদের আগেভাগে ছুটি দেওয়া হয়। শহরটির মেট্রো রেল চলাচলও বন্ধ রাখা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগেভাগে ছুটি ঘোষণা করায় ইউনিফর্ম পরা শিক্ষার্থীদের রাস্তায় নেমে আসতে দেখা যায়। দেশজুড়ে ক্লাস স্থগিত করা হয়েছে।

ইউএসজিএসের প্রাথমিক হিসাব অনুযায়ী, ভূমিকম্পের কারণে পানামার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ থেকে ১০ শতাংশের সমপরিমাণ অর্থনৈতিক ক্ষতি হতে পারে।
ভূমিকম্পের পর রাজধানী পানামা সিটির বিভিন্ন ভবন থেকে বহু মানুষকে সরিয়ে নেওয়া হয়। উৎপত্তিস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরের এই শহরে কম্পন থামা পর্যন্ত অনেককে রাস্তায় ও কাছের পার্কগুলোতে অবস্থান করতে দেখা যায়।

৪০ সেকেন্ড ধরে কম্পন

পানামার ভূবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক নেস্টর লুক জানান, আজুয়েরো-সোনা ফল্ট সিস্টেমের কারণে এ ভূমিকম্পের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে এ চ্যুতি ব্যবস্থায় চাপ জমা হচ্ছিল। এটি সক্রিয় চ্যুতির একটি ব্যবস্থা। এখানে চাপ জমতে জমতে একপর্যায়ে বিপুল শক্তি নির্গত হয়।

তিনি বলেন, ‘ভূমিকম্পের কম্পন পুরো ভূখণ্ডজুড়ে ছড়িয়ে পড়েছে। এ কারণেই দেশের সর্বত্র এটি অনুভূত হয়েছে।’

লুক জানান, রাজধানী পানামা সিটিতে তিনি প্রায় ৪০ সেকেন্ড ধরে কম্পন অনুভব করেছেন। তবে দেশের অন্য কিছু এলাকায় কম্পনের স্থায়িত্ব আরও বেশি হয়ে থাকতে পারে।

রাজধানীর একটি পুরোনো মার্কিন সামরিক আমলের ভবনের ষষ্ঠ তলায় থাকা সাবিনা রিওস বলেন, কম্পনটি ছিল অস্বাভাবিক শক্তিশালী ও দীর্ঘস্থায়ী।

তিনি বলেন, ‘ভূমিকম্পটি খুব শক্তিশালী ছিল এবং দীর্ঘ সময় ধরে স্থায়ী হয়েছিল। কয়েক বছরের মধ্যে এত দীর্ঘ কম্পন আমি অনুভব করিনি।’

গির্জা ও ভবন ক্ষতিগ্রস্ত

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কাছে হেরেরা প্রদেশের কম জনবসতিপূর্ণ লা পিতালোজা এলাকার কাছাকাছি।

রয়টার্সের এক প্রত্যক্ষদর্শীর বরাতে জানানো হয়েছে, প্রতিবেশী দেশ কোস্টারিকার রাজধানী সান হোসেতেও কম্পন অনুভূত হয়েছে।

উৎপত্তিস্থল ও রাজধানী পানামা সিটির মাঝামাঝি অবস্থিত পেনোনোমে শহরে ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে। রয়টার্সের যাচাই করা ভিডিওতে একটি গির্জা ও আশপাশের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত এবং কিছু স্থাপনা ধসে পড়তে দেখা গেছে।

পানামার বেসামরিক সুরক্ষা সংস্থার প্রধান ওমর স্মিথ সংবাদমাধ্যম টেলিমেত্রো রিপোর্টাকে জানান, হেরেরা প্রদেশের রাজধানী চিত্রে এবং উপকূলীয় লস সান্তোস প্রদেশেও ক্ষতির খবর পাওয়া গেছে।

এদিকে, ভূমিকম্পের কারণে সৃষ্ট সুনামির আশঙ্কা কেটে গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ ব্যবস্থা। সংস্থাটি বলেছে, এখন আর সুনামির কোনো আশঙ্কা নেই।

আগামী সোমবার পানামায় দেশব্যাপী ভূমিকম্প মোকাবিলায় জরুরি সরিয়ে নেওয়ার মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশটির জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা যাচাই করতে এ মহড়ার আয়োজন করা হয়েছে।

পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো জানিয়েছেন, ভূমিকম্প মোকাবিলায় তার সরকারের সব বিভাগকে সক্রিয় করা হয়েছে। তিনি বলেন, ‘এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক বা বিশৃঙ্খলা সৃষ্টি করা উচিত নয়।’

সূত্র: রয়টার্স

  • Related Posts

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

    রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এক‌টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে…

    ‘চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই’

    পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ করে নতুন প্রজন্মকে সুস্থ, মাদকমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে ‘খেলাধুলা’ নামে নতুন বই…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

    ‘চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই’

    ‘চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই’

    আজকের নামাজের সময়সূচি

    আজকের নামাজের সময়সূচি

    সমর্থকরা পাশে দাঁড়াতেই জ্বলে উঠলেন রোনালদো

    সমর্থকরা পাশে দাঁড়াতেই জ্বলে উঠলেন রোনালদো

    শীতের আগমনী বার্তা, যে জেলায় তাপমাত্রা সবচেয়ে কম

    শীতের আগমনী বার্তা, যে জেলায় তাপমাত্রা সবচেয়ে কম

    শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ