আজ এবিজি ইউনিভার্সিটি কাপের পর্দা উঠছে

ফুটবল, ক্রিকেট, বক্সিংসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দর্শকদের মুগ্ধ করেছে এবিজি স্পোর্টস সিটি। আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনেরও সাক্ষী হয়েছে এই ক্রীড়াঙ্গন।

এবার সেখানে বসছে তারুণ্যের উৎসব। দেশের ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট ও ফুটবল দল নিয়ে আজ শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ।

টুর্নামেন্টের প্রথম দিনে মাঠে গড়াবে ক্রিকেটের লড়াই। আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৫টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সোনারগাঁও ইউনিভার্সিটি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)।

রাত ৮টায় দ্বিতীয় ম্যাচে লড়বে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

গত কয়েক সপ্তাহ ধরেই টুর্নামেন্টটি ঘিরে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চলছে ব্যাপক উন্মাদনা।

ক্যাম্পাস অ্যাক্টিভেশন কর্মসূচিতে ক্রিকেটার ও ফুটবলারদের পাশাপাশি অংশ নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরাও। টুর্নামেন্ট শুরুর আগেই ক্যাম্পাসগুলোতে ছড়িয়ে পড়েছে প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ। কোন বিশ্ববিদ্যালয়ের হাতে উঠবে চ্যাম্পিয়নের ট্রফি, তা নিয়ে চলছে আলোচনা ও তর্কবিতর্ক।

সেরা খেলোয়াড়দের নিয়ে দল সাজাতে কঠোর পরিশ্রম করেছে বিশ্ববিদ্যালয়গুলো। প্রস্তুতি নিয়েছে নিজেদের সামর্থ্যের সেরাটা তুলে ধরার। অংশগ্রহণকারী প্রতিটি দলের লক্ষ্য একটাই, চ্যাম্পিয়ন হওয়া।

গত বৃহস্পতিবার জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন ক্রিকেট ও ফুটবল দলের ২০ অধিনায়ক। তাদের নিয়ে আয়োজন করা হয় ‘ক্যাপ্টেনস মিট’। এ সময় দলগুলোর হাতে তুলে দেওয়া হয় রঙিন জার্সি।

এবিজি ইউনিভার্সিটি কাপ আয়োজনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবিজি গ্রুপের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান বলেন, ‘বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের অনুপ্রেরণা এবং তার সুযোগ্য সন্তান, এবিজি গ্রুপের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের আন্তরিক ইচ্ছা ও আগ্রহেই আমাদের এ প্রচেষ্টা। তার দিকনির্দেশনাতেই এ নতুন উদ্যোগের সূচনা হয়েছে।’

আনভীর ক্রিকেট স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারিনা ইতোমধ্যে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পেয়েছে। বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করে এর প্রশংসা করেছেন। অন্যদিকে, ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনা।

এই মাঠে খেলেছে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবাননের মতো দল। খেলেছে মালদ্বীপ ও আফগানিস্তানও। এএফসি কাপের ম্যাচও আয়োজন করেছে কিংস অ্যারেনা। আন্তর্জাতিক দল ও প্রতিযোগিতার আয়োজক হিসেবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে এবিজি স্পোর্টস সিটি।

এবার ক্রিকেটের বিশ্বমঞ্চেও নিজেদের অবস্থান আরও দৃঢ় করার প্রত্যাশা এই ক্রীড়াঙ্গনের। ২০৩১ সালের ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের লক্ষ্যে এবিজি স্পোর্টস সিটিতে নির্মিত হচ্ছে নতুন একটি ক্রিকেট স্টেডিয়াম। কর্তৃপক্ষের আশা, ২০২৭ সালের মধ্যে এর নির্মাণকাজ শেষ হবে।

ফুটবলেও বিশ্বকাপের সঙ্গে যুক্ত হয়েছে এই ক্রীড়াঙ্গন। বসুন্ধরা কিংস অ্যারেনায় বাছাইপর্বের ম্যাচ খেলে যাওয়া অস্ট্রেলিয়া দল যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নিয়েছে। এবার বিশ্ববিদ্যালয়ের তরুণ ক্রিকেটার ও ফুটবলারদের পদচারণায় মুখর হতে যাচ্ছে এই দুই ভেন্যু।

ক্রিকেট টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে রয়েছে ইউনিভার্সিটি অব স্কলারস, ব্র্যাক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

‘বি’ গ্রুপে খেলবে নর্থ সাউথ ইউনিভার্সিটি, সোনারগাঁও ইউনিভার্সিটি, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

ফুটবলের ‘এ’ গ্রুপে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

‘বি’ গ্রুপে খেলবে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, ইউনিভার্সিটি অব স্কলারস, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ব্র্যাক ইউনিভার্সিটি ও সোনারগাঁও ইউনিভার্সিটি।

দল প্রস্তুত, ভেন্যুও প্রস্তুত। এখন অপেক্ষা মাঠের লড়াইয়ের। আজ পর্দা ওঠার মধ্য দিয়ে শুরু হবে বিশ্ববিদ্যালয়গুলোর শ্রেষ্ঠত্বের লড়াই।

  • Related Posts

    ‘মেরি জিন্দেগি হ্যায় তু’,‘ইশক মুর্শিদ’ খ্যাত বিলাল আব্বাস আসছেন ঢাকায়

    বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস খান। তার অভিনীত নাটক ‘ইশক মুর্শিদ’ ও ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ দিয়ে বাংলাদেশের দর্শকদের কাছেও পরিচিতি পেয়েছেন তিনি। এবার ঢাকায় আসছেন এই অভিনেতা।…

    ওয়ানডেতে পাকিস্তানি হিসেবে দ্রুততম ১৫০ উইকেট শিকার শাহিনের

    পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ওয়ানডে ক্রিকেটে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। এর মধ্য দিয়ে পাকিস্তানের পেসারদের মধ্যে সবচেয়ে কম ম্যাচে এই কীর্তি গড়ার রেকর্ড গড়েছেন তিনি। এর আগে পাকিস্তানের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ‘মেরি জিন্দেগি হ্যায় তু’,‘ইশক মুর্শিদ’ খ্যাত বিলাল আব্বাস আসছেন ঢাকায়

    ‘মেরি জিন্দেগি হ্যায় তু’,‘ইশক মুর্শিদ’ খ্যাত বিলাল আব্বাস আসছেন ঢাকায়

    ওয়ানডেতে পাকিস্তানি হিসেবে দ্রুততম ১৫০ উইকেট শিকার শাহিনের

    ওয়ানডেতে পাকিস্তানি হিসেবে দ্রুততম ১৫০ উইকেট শিকার শাহিনের

    মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার পণ্যে শুল্ক কমাল যুক্তরাষ্ট্র

    মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার পণ্যে শুল্ক কমাল যুক্তরাষ্ট্র

    আজ এবিজি ইউনিভার্সিটি কাপের পর্দা উঠছে

    আজ এবিজি ইউনিভার্সিটি কাপের পর্দা উঠছে

    মানবদেহে প্রথমবারের মতো সফলভাবে স্পাইনাল কর্ড প্রতিস্থাপন

    মানবদেহে প্রথমবারের মতো সফলভাবে স্পাইনাল কর্ড প্রতিস্থাপন

    ঘরে বসেই অনলাইনে বের করুন জমির খতিয়ান

    ঘরে বসেই অনলাইনে বের করুন জমির খতিয়ান