ফর্মহীনতার বৃত্ত থেকে বের হতে নতুন মিশনে নামছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। দীর্ঘ প্রায় সাত বছর পর ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরছেন তিনি। রানখরা কাটাতে লাল বলের ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এই ডানহাতি ব্যাটার। চলমান প্রেসিডেন্টস ট্রফি গ্রেড ওয়ান টুর্নামেন্টে অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ওজিডিসিএল) হয়ে খেলবেন তিনি।
২০১৯ সালের ৩০ ডিসেম্বর সবশেষ ঘরোয়া প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন বাবর। সেবার কায়েদ-ই-আজম ট্রফির ফাইনালে নর্দার্নকে ইনিংস ও ১৬ রানে হারিয়ে সেন্ট্রাল পাঞ্জাবকে শিরোপা জিতিয়েছিলেন তিনি। এরপর আর ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে দেখা যায়নি পাকিস্তানের এই তারকা ব্যাটারকে।
জুলাইয়ে আবার পাকিস্তানের টেস্ট অধিনায়কত্ব ফিরে পান বাবর। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ ১-১ সমতায় শেষ করে পাকিস্তান। তবে ইংল্যান্ডের বিপক্ষে পরের সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় দলটি।
বাবর ১৬ সেপ্টেম্বর যুক্তরাজ্য থেকে পাকিস্তানে ফিরবেন। পরদিনই ওজিডিসিএলের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তার। বর্তমানে প্রেসিডেন্টস ট্রফির প্রথম ম্যাচে ইসলামাবাদে পাকিস্তান টেলিভিশনের বিপক্ষে খেলছে ওজিডিসিএল। ১৮ সেপ্টেম্বর পেশোয়ারে কিংসমেন একাডেমির বিপক্ষে দ্বিতীয় ম্যাচ এবং ২৪ সেপ্টেম্বর খান রিসার্চ ল্যাবরেটরিজের (কেআরএল) বিপক্ষে তৃতীয় ম্যাচ রয়েছে তাদের।
ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, দীর্ঘ সংস্করণের ক্রিকেটে ছন্দ ধরে রাখতে ঘরোয়া ক্রিকেটে খেলার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে অনুরোধ করেছিলেন বাবর। এরপর ওজিডিসিএলের সঙ্গে সমন্বয় করে তার খেলার ব্যবস্থা করে বোর্ড।
সাম্প্রতিক সময়ে বাবরের ফর্ম পাকিস্তানের ক্রিকেটে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। সাবেক ক্রিকেটারদের অনেকেই প্রকাশ্যে তার ব্যাটিং কৌশল ও দুর্বলতা নিয়ে আলোচনা করেছেন।
ইংল্যান্ড সফরে তিন টেস্টের সিরিজে ৩-০ ব্যবধানে হারের পর বাবরের সমালোচনা আরও বেড়েছে। লর্ডস ও এজবাস্টনে ইংল্যান্ডের পেসাররা শর্ট বল দিয়ে বাবরের দুর্বলতাকে কাজে লাগান। চোটের কারণে হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টেও খেলতে পারেননি তিনি।
টেস্টে ২০২২ সালের ডিসেম্বরের পর আর সেঞ্চুরি পাননি বাবর। সবশেষ শতক এসেছিল নিউ জিল্যান্ডের বিপক্ষে করাচিতে। ২০২৩ সালের শুরু থেকে টেস্টে তার ব্যাটিং গড় মাত্র ৩০.৪৩, যা ক্যারিয়ার গড়ের চেয়ে ১২.৫৫ রান কম।
এই সময়ে ৩৯ ইনিংসে মাত্র আটটি ফিফটি পেয়েছেন বাবর। এর মধ্যে টানা ১৮ ইনিংসে কোনোবারই ৪১ রানের বেশি করতে পারেননি। অবশ্য সবশেষ পাঁচ টেস্টের চারটিতেই ফিফটি পেয়েছেন তিনি। সবশেষ সেঞ্চুরির পর বাবরের সর্বোচ্চ ইনিংস ৮৮, গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে।
এবার প্রেসিডেন্টস ট্রফিতে বেশ কয়েকজন আন্তর্জাতিক ক্রিকেটার অংশ নিয়েছেন। পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি প্রতিনিধিত্ব করছেন কেআরএলের। আর টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আগা খেলছেন কিংসমেন একাডেমির হয়ে।







