খুলনার রূপসার আঠারোবেকি নদীর চর থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুরে আইচগাতি ইউনিয়নের সিংহের চর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে মরদেহের পাশে রক্তের দাগ পাওয়া গেছে।
উদ্ধার হওয়া যুবকদের একজন রূপসা রাজাপুর এলাকার মেহেদী হাসান সোহাগ। অপরজনের নাম রেজাউল করিম।মেহেদী হাসান সোহাগ একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য বলে জানা গেছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, স্থানীয়রা প্রথমে নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে ভাটায় পানি কমে গেলে একই স্থানে আরও একটি মরদেহ দেখতে পান। তাদের অন্য কোথাও গুলি করে হত্যার পর মরদেহ এখানে ভেসে এসেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।






