ঝিনাইদহের শৈলকুপায় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে এক কৃষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ত্রিবেণী গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক হামিদুল মালিথা জানান, রাত ৩টার দিকে একদল ডাকাত নিজেদের বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তাঁর বাড়িতে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। এরপর বাড়ি থেকে নগদ টাকা, রুপার গহনা ও একটি ইজিবাইক নিয়ে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।
পরে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যদের উদ্ধার করেন। ঘটনার পর পার্শ্ববর্তী ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ ইজিবাইকটি উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, ত্রিবেণী গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে। ডাকাতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।






