মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

বৈধ কাগজপত্র নেই—আবার কারও বৈধ কর্ম-অনুমতিপত্র থাকলেও কাজ করছেন অন্য কোম্পানিতে। বিদেশি কর্মী নিয়োগে এমন অনিয়মের চিত্র ধরা পড়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) অভিযানে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে পেরাক রাজ্যের ইপোহ শহরের বেরচাম এলাকায় পরিচালিত ‘অপস মাহির’ অভিযানে বাংলাদেশিসহ ১৭৫ বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।

অভিযানে তিনটি স্থানে কর্মরত ৩০৫ শ্রমিকের কাগজপত্র ও কর্মস্থল যাচাই করা হয়। আটক ব্যক্তিদের অধিকাংশই বাংলাদেশের নাগরিক। এছাড়া মিয়ানমার ও ভিয়েতনামের নাগরিকও রয়েছেন।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের অধীনে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। অভিযানে বৈধ নথি বা অনুমতিপত্র ছাড়া কাজ করা এবং এক কোম্পানির নামে ইস্যু করা পারমিট দিয়ে অন্য প্রতিষ্ঠানে কাজ করার মতো অনিয়ম পাওয়া গেছে।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শুরু হওয়া অভিযানে বেরচাম এলাকার একটি কাঠের কারখানা, গ্লাভস তৈরির কারখানা ও একটি খাবারের দোকানকেন্দ্রে তল্লাশি চালানো হয়। সেখানে কর্মরত শ্রমিকদের কাগজপত্র ও কর্মস্থলের তথ্য যাচাইয়ের পর ১৭৫ জনকে আটক করা হয়।

জাকারিয়া শাবান বলেন, বৈধ পারমিট ছাড়া বিদেশি নাগরিকের কাজ করা ইমিগ্রেশন আইনের লঙ্ঘন। একইভাবে কোনো শ্রমিকের পারমিট থাকলেও সেটি যে কোম্পানির নামে দেওয়া হয়েছে, তার বাইরে অন্য প্রতিষ্ঠানে কাজ করাও অপরাধ।

অভিযানে বিদেশি কর্মীদের বৈধতা যাচাই করতে গিয়ে কয়েকটি ঘটনায় জাল সাময়িক কর্মভ্রমণ পাশ (পিএলকেএস) ব্যবহারের তথ্যও পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে নথিগুলোর উৎস এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কি না, তা তদন্ত করছে ইমিগ্রেশন বিভাগ।

জাকারিয়া শাবান জানান, জাল পিএলকেএস কোথা থেকে আসছে, কীভাবে তৈরি হচ্ছে এবং কারা এর সঙ্গে জড়িত—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। কোনো এজেন্ট বা মধ্যস্থতাকারী নেটওয়ার্ক এর সঙ্গে যুক্ত কি না, তাও তদন্তের আওতায় রয়েছে।

তদন্তে এসব নথি ব্যবহারকারী নিয়োগকর্তাদের ভূমিকাও গুরুত্ব পাচ্ছে। কোনো নিয়োগকর্তা জেনেশুনে ভুয়া পিএলকেএস ব্যবহার করে বিদেশি কর্মী নিয়োগ করেছেন কি না, তা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

ইপোহের অভিযানে আটক ১৭৫ বিদেশির মধ্যে সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশি হওয়ায় মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বৈধ পারমিট থাকা সত্ত্বেও অনুমোদিত প্রতিষ্ঠানের বাইরে কাজ করা শ্রমিকদের জন্য ঝুঁকি রয়েছে। নিয়োগদাতা বা কর্মস্থল পরিবর্তনের ক্ষেত্রে যথাযথ অনুমোদন না থাকলে বৈধ নথি থাকার পরও ইমিগ্রেশন আইনের আওতায় পড়তে পারেন সংশ্লিষ্ট শ্রমিক।

তবে এ ধরনের ঘটনায় শুধু শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই সমস্যার মূল কারণ দূর হবে না। এক কোম্পানির নামে পারমিট ইস্যু হওয়ার পর শ্রমিক কীভাবে অন্য প্রতিষ্ঠানে গিয়ে কাজ করছেন, এর পেছনে নিয়োগকর্তা, এজেন্ট বা মধ্যস্থতাকারীদের কোনো ভূমিকা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

ফলে ‘অপস মাহির’ অভিযানের মাধ্যমে শুধু অবৈধ বিদেশি শ্রমিকদের আটকের বিষয়টিই সামনে আসেনি; বৈধ পারমিটের অপব্যবহার, অনুমোদন ছাড়া কর্মস্থল পরিবর্তন এবং জাল পিএলকেএসের উৎস অনুসন্ধানের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। এসব তদন্তে বিদেশি কর্মী নিয়োগের নেপথ্যে কোনো সংঘবদ্ধ চক্রের সংশ্লিষ্টতা পাওয়া যায় কি না, এখন সেদিকেই নজর ইমিগ্রেশন বিভাগের।

  • Related Posts

    আজ ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

    রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সকাল থেকে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে…

    পেঁয়াজের খোসার পানি কি সত্যিই চুল গজায়?

    রান্নাঘরে প্রতিদিনই এমন অনেক কিছু ব্যবহার করা হয়, যা কাজ শেষে জায়গা পায় ময়লার ঝুড়িতে। পেঁয়াজের শুকনো খোসাও তেমনই একটি। তবে সম্প্রতি ফেলে দেওয়া এই খোসা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আজ ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

    আজ ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

    পেঁয়াজের খোসার পানি কি সত্যিই চুল গজায়?

    পেঁয়াজের খোসার পানি কি সত্যিই চুল গজায়?

    সুইডেনের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই

    সুইডেনের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই

    ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড

    ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি নিয়ে উদ্বেগ

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি নিয়ে উদ্বেগ

    প্রথম টি-টোয়েন্টিতে উড়ে গেল আফগানিস্তান

    প্রথম টি-টোয়েন্টিতে উড়ে গেল আফগানিস্তান