শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচদিন ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি চাকরিজীবীদের বড় একটি অংশ। তবে এই ছুটি প্রযোজ্য হবে না জরুরি ও অত্যাবশ্যকীয় সেবায় নিয়োজিতদের জন্য।
বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন-ইন্টারনেট ও ডাকসেবার কর্মীসহ হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবায় নিয়োজিতদের কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে।
বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর যথাক্রমে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচদিনের ছুটি পাচ্ছেন সাধারণ চাকরিজীবীরা।
তবে জরুরি পরিষেবার কর্মীদের জন্য এ ছুটি প্রযোজ্য হবে না। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা ছুটির আওতার বাইরে থাকবেন।
হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত কর্মীরাও ছুটি পাবেন না। চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ওষুধ ও চিকিৎসাসামগ্রী পরিবহনের সঙ্গে যুক্ত যানবাহন ও কর্মীদেরও এ ছুটির বাইরে রাখা হয়েছে। এ ছাড়া জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোতেও স্বাভাবিক কার্যক্রম চলবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট।
বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে সাধারণ ছুটি কার্যকরের ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
এদিকে দুর্গাপূজার ছুটির আগে ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে। ছুটির মাঝখানে কর্মদিবস ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় পাঁচদিনের টানা ছুটির সুযোগ তৈরি হয়েছে।
এর আগে গত সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। ২২ অক্টোবর কর্মদিবস থাকলেও মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ওই দিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।
ফলে ২০ থেকে ২২ অক্টোবরের পূজার ছুটির সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচদিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। তবে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবায় নিয়োজিত কর্মীদের ক্ষেত্রে সেবা সচল রাখতে এ ছুটি প্রযোজ্য হবে না।







