টানা ২৫ মৌসুমে গোল করে রোনালদোর নতুন বিশ্বরেকর্ড

ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই আরও একটি অনন্য রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০০২-০৩ মৌসুম থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিটি লিগ মৌসুমেই গোল করার ধারাবাহিকতা ধরে রেখেছেন পর্তুগিজ এই মহাতারকা। আল-রিয়াদের বিপক্ষে আল-নাসরের ৪-০ গোলের জয়ে দলের শেষ গোলটি করে প্রথম ফুটবলার হিসেবে টানা ২৫ লিগ মৌসুমে গোল করার কীর্তি গড়েছেন সিআরসেভেন।
৪১ বছর বয়সি রোনালদো ম্যাচটি শুরু করেছিলেন বেঞ্চে। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে আবদুল্লাহ আল হামদানের বদলি হিসেবে মাঠে নামেন তিনি। এরপর মাত্র ২১ মিনিটের মধ্যেই নতুন মৌসুমে নিজের প্রথম গোলের দেখা পান। ৮৩ মিনিটে আইমান ইয়াহিয়ার বাড়ানো বল নিয়ন্ত্রণ করে বাঁ পায়ের নিখুঁত শটে আল-রিয়াদের জালে পাঠান রোনালদো।
এই গোলের মাধ্যমে টানা মৌসুমে গোল করার রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচকে। ১৯৯৯-২০০০ থেকে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত টানা ২৪ মৌসুমে গোল করেছিলেন ইব্রাহিমোভিচ।
রোনালদোর এই ধারাবাহিকতা আরও উল্লেখযোগ্য, কারণ তিনি চারটি দেশের পাঁচটি ক্লাবের হয়ে গোল করে রেকর্ডটি গড়েছেন। স্পোর্টিংয়ে ক্যারিয়ার শুরু করার পর ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম অধ্যায়ের প্রতিটি মৌসুমে গোল করেন তিনি। এরপর রিয়াল মাদ্রিদের হয়ে টানা নয় মৌসুম এবং জুভেন্টাসের হয়ে তিন মৌসুমে গোল করার পর আবার ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরেন। ২০২২-২৩ মৌসুমের মাঝপথে সৌদি আরবে পাড়ি দিয়ে আল-নাসরের হয়েও গোলের ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি।

আল-রিয়াদের বিপক্ষে গোলটি ছিল রোনালদোর অফিশিয়াল সিনিয়র ক্যারিয়ারের ৯৭৭তম। অর্থাৎ ঐতিহাসিক ১,০০০ গোলের মাইলফলক থেকে এখন মাত্র ২৩ গোল দূরে তিনি।

রোনালদোর মোট গোলের মধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০টি, ম্যানচেস্টার ইউনাইটেডের দুই মেয়াদে ১৪৫টি, জুভেন্টাসে ১০১টি, স্পোর্টিংয়ে ৫টি এবং আল-নাসরের হয়ে ১৩০টি রয়েছে। জাতীয় দলের জার্সিতে পর্তুগালের হয়ে করেছেন আরও ১৪৬ গোল।

২০২৬-২৭ মৌসুমই পেশাদার ফুটবলে রোনালদোর শেষ মৌসুম হতে পারে বলে জোরালো আলোচনা রয়েছে। সম্প্রতি ‘ভোগ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘সম্ভবত এটিই ফুটবলে আমার শেষ বছর এবং আমি একটি দুর্দান্ত কীর্তি রেখে যেতে চাই।’

সাক্ষাৎকারের সময় তার গোলসংখ্যা ছিল ৯৭৬। নতুন মৌসুমের প্রথম ম্যাচেই আরও একটি গোল যোগ করে সেই সংখ্যা ৯৭৭-এ নিয়ে গেছেন তিনি। আল-নাসরের সঙ্গে চলতি মৌসুম পর্যন্ত চুক্তি থাকা রোনালদো এখন ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়েও ১,০০০ গোলের ঐতিহাসিক মাইলফলকের দিকে এগিয়ে চলেছেন।

  • Related Posts

    সাহারায় মিলল ৪১০ কোটি বছরের প্রাচীন মঙ্গলের উল্কাপিণ্ড, পানির অস্তিত্বের নতুন প্রমাণ

    মঙ্গলের বুকে একসময় তরল পানির অস্তিত্ব ছিল—এমন ধারণার পক্ষে নতুন প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। সাহারা মরুভূমির মালিতে পাওয়া একটি উল্কাপিণ্ডের রাসায়নিক বিশ্লেষণে মিলেছে ৪১০ কোটিরও বেশি বছর আগে মঙ্গলের পৃষ্ঠে পানির…

    রবিবার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সাহারায় মিলল ৪১০ কোটি বছরের প্রাচীন মঙ্গলের উল্কাপিণ্ড, পানির অস্তিত্বের নতুন প্রমাণ

    সাহারায় মিলল ৪১০ কোটি বছরের প্রাচীন মঙ্গলের উল্কাপিণ্ড, পানির অস্তিত্বের নতুন প্রমাণ

    রবিবার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন

    রবিবার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন

    ডায়াবেটিস রোগের জন্য আমলকী কতটা উপকারী

    ডায়াবেটিস রোগের জন্য আমলকী কতটা উপকারী

    কেমন জীবনসঙ্গী চান সাই পল্লবী

    কেমন জীবনসঙ্গী চান সাই পল্লবী

    আশুলিয়ায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা

    আশুলিয়ায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা

    কেরানীগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু ঢামেকে

    কেরানীগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু ঢামেকে