ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে মো. রাকিব নামে এক যুবককে ভুয়া চিকিৎসক পরিচয় দেওয়ার অভিযোগে আটক করেছেন আনসার সদস্যরা। পরে তাকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে। তাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
রোববার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের ভেতর থেকে তাকে আটক করা হয়। আটক রাকিব বরিশাল জেলার গৌরনদী থানার ফারুক হোসেনের ছেলে। তিনি বর্তমানে ঢাকার সাভারের নালিয়া এলাকায় বসবাস করছিলেন।
ঘটনার বিবরণ দিয়ে ঢামেক হাসপাতালের দায়িত্বরত আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মো. শাহাদাত হোসেন জানান, জরুরি বিভাগে ওই যুবকের চলাফেরা সন্দেহজনক মনে হলে দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাকে আটক করে প্রশাসনিক ব্লকে নিয়ে যান। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ভুয়া চিকিৎসক হিসেবে পরিচয় দেওয়ার কথা স্বীকার করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।
ভুয়া চিকিৎসক পরিচয় দেওয়ার কারণ জানতে চাইলে আটক মো. রাকিব বলেন, তার ভাই অসুস্থ থাকায় তাকে হাসপাতালে ভর্তি করানোর জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। অনেক চেষ্টা করেও ভাইকে ভর্তি করাতে না পেরে এক ব্যক্তির পরামর্শে তিনি নিজেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক পরিচয় দেন। এরপরই আনসার সদস্যরা তাকে আটক করেন।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, হাসপাতালের জরুরি বিভাগ থেকে আটক ওই যুবককে আনসার সদস্যরা পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। পুরো বিষয়টি শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে। তাকে শাহবাগ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।






