লাক্স সুপারস্টার ২০২৫-এর মঞ্চ থেকে অভিনয়ের নতুন যাত্রা শুরু করেছেন বিদুষী বর্ণিতা, নাজাহ নাওয়ার ও আমিনা ইসলাম। এবার তাদের দেখা যাবে তারকা নির্মাতা শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’তে।
চার জুটির প্রেম, মান-অভিমান ও সম্পর্কের নানা টানাপোড়েন নিয়ে নির্মিত এই ওয়েব ফিল্ম শিগগির মুক্তি পাচ্ছে। এটি দেখা যাবে চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।
ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত এই ফিল্মটিতে বিদুষী, নাজাহ ও আমিনার সঙ্গে পর্দায় দেখা যাবে তৌসিফ মাহবুব, পার্থ শেখ ও আরেফিন জিলানীসহ আরও অনেককে।
লাক্সের আয়োজনে নির্মিত এই ফিল্মে চার জুটির প্রেমের পাশাপাশি ভুল-বোঝাবুঝি ও সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
সিনেমাটি নিয়ে নির্মাতা শিহাব শাহীন বলেন, গল্পের ভিন্নতা এবং চার জোড়া কলাকুশলীর রসায়ন ওটিটির দর্শকদের কাছে নতুন এক অভিজ্ঞতা নিয়ে আসবে বলে মনে করেন তিনি।
লাক্স সুপারস্টার ২০২৫-এর গ্র্যান্ড ফিনালে ‘ক্যাফে আমব্রেলা’র ঘোষণা দেওয়া হয়েছিল। প্রতিযোগিতার পুরস্কার হিসেবে অভিনয়ের সুযোগ পান তিন লাক্স তারকা।
প্রসঙ্গত, এর আগেও লাক্স সুপারস্টার বিজয়ীদের নিয়ে নির্মিত হয়েছিল চলচ্চিত্র ‘দারুচিনি দ্বীপ’ ও ‘আমার আছে জল’। সেই ধারাবাহিকতায় আসছে ‘ক্যাফে আমব্রেলা’।








