থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও…

মানিকগঞ্জের হরিরামপুর থানার অস্ত্রাগার থেকে একটি পিস্তল (নাইন এমএম) ও একটি ম্যাগাজিন উধাও হয়েছে। নতুন ওসি যোগদানের ১২ দিনের মাথায় অস্ত্র ও গোলাবারুদের হিসাব যাচাই করতে গিয়ে এই চাঞ্চল্যকর ঘটনা ধরা পড়ে।

গত ৩ অক্টোবর বিষয়টি শনাক্ত হওয়ার পর একাধিকবার তল্লাশি চালিয়েও অস্ত্র ও ম্যাগাজিনের হদিস মেলেনি। পরে সাধারণ ডায়েরি (জিডি) করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয় এবং ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, নিখোঁজ পিস্তলটি এর আগে একাধিক পুলিশ সদস্যের হাতবদল হয়েছে। একপর্যায়ে অস্ত্রটি সরাসরি অস্ত্রাগারে জমা না দিয়ে একজন উপ-পরিদর্শকের (এসআই) কাছে হস্তান্তর করা হয়। পরে আরেক পুলিশ সদস্যের মাধ্যমে সেটি থানায় ফেরত পাঠানো হয়। অস্ত্র ইস্যু ও জমাসংক্রান্ত রেজিস্টারে পিস্তলটি জমা দেখানো হলেও বাস্তবে সেটির অস্তিত্ব পাওয়া যায়নি। ফলে অস্ত্রটি কোথায় এবং কিভাবে নিখোঁজ হলো, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, থানার নতুন ওসি জেএম তৌফিক আজম দায়িত্ব গ্রহণের সময় নথিপত্র অনুযায়ী অস্ত্র ও গোলাবারুদের হিসাব বুঝে নেন। তখন থানায় সংরক্ষিত ১০টি পিস্তল, ১০টি ম্যাগাজিন ও ১০০ রাউন্ড গুলি বুঝে নেওয়ার তথ্য ছিল। তবে দায়িত্ব গ্রহণের কয়েক দিন পর বাস্তবে অস্ত্রের হিসাব যাচাই করতে গিয়ে একটি পিস্তল ও একটি ম্যাগাজিন পাওয়া যায়নি। এরপর কয়েক দফা খোঁজাখুঁজি করেও সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, গত জুন মাসে ভিআইপি ডিউটির জন্য হরিরামপুর থানা থেকে পিস্তলটি নিয়ে টাঙ্গাইল জেলায় যান এএসআই আবুল বাশার। সেখানে অবস্থানকালে তার শ্বশুরের মৃত্যু হলে তিনি অস্ত্রটি সরাসরি অস্ত্রাগারে জমা না দিয়ে এসআই জয়নাল আবেদীনের কাছে বুঝিয়ে দেন।

পরদিন টাঙ্গাইলে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের জন্য পিস্তলটি ব্যবহার করেন এসআই জয়নাল আবেদীন। ডিউটি শেষে তিনি সরাসরি নিজের বাড়িতে চলে যান। যাওয়ার সময় অস্ত্রটি সঙ্গে থাকা কনস্টেবল হারুন অর রশিদের কাছে বুঝিয়ে দেন। পরে কনস্টেবল হারুন টাঙ্গাইল থেকে হরিরামপুর থানায় ফিরে পিস্তলটি অস্ত্রাগারে জমা দেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। কিন্তু অস্ত্রটি থানায় জমা দেওয়ার পর সেটি আর কোনো ডিউটির জন্য ইস্যু করা হয়নি বলে ইস্যু-জমা রেজিস্টারে উল্লেখ রয়েছে।

অস্ত্রাগারের দায়িত্বে থাকা এসআই এমদাদুল হক সাংবাদিকদের বলেন, আমি অস্ত্রাগারের দায়িত্বে থাকলেও অস্ত্র ইস্যু ও জমা নেওয়ার কাজটি মূলত কনস্টেবল আবুল কালাম করেন।

এসআই জয়নাল আবেদীন বলেন, টাঙ্গাইলে ডিউটি শেষে কনস্টেবল হারুন অর রশিদের কাছে অস্ত্রটি দিয়ে তাকে থানায় জমা দিতে বলা হয়েছিল। তার দাবি, কনস্টেবল হারুন পিস্তলটি থানায় জমা দিয়েছেন।
একজন কনস্টেবলের কাছে পিস্তল হস্তান্তর করা যায় কিনা- এমন প্রশ্নের জবাবে এসআই জয়নাল বলেন, অবশ্যই দেওয়া যায়। দেওয়া না গেলে সিনিয়র স্যারদের বডিগার্ডরা কিভাবে পিস্তল ব্যবহার করেন?

ওসি জেএম তৌফিক আজম বলেন, আমি থানার চার্জ গ্রহণের সময় খাতা-কলমে সবকিছু বুঝে নিয়েছি। কিন্তু বাস্তবে অস্ত্রগুলো বুঝে নেওয়া হয়নি। কয়েক দিন পর সরেজমিনে অস্ত্রের হিসাব করতে গিয়ে একটি পিস্তল ও একটি ম্যাগাজিন পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজি করেও সেগুলো পাওয়া যায়নি। পরে সাধারণ ডায়েরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এদিকে হরিরামপুর থানার সাবেক ওসি (বর্তমানে নরসিংদী পুলিশ লাইনসে কর্মরত আরআই) আফজাল হোসাইন বলেন, আমি ২২ সেপ্টেম্বর হরিরামপুর থানা থেকে চার্জ বুঝিয়ে দেওয়ার সময় অফিসিয়ালি অস্ত্রসহ গোলাবারুদ হস্তান্তর করেছি। যার একটি কপি আমার কাছে সংরক্ষিত আছে। নিজের দায়ভার অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, আমি চলে আসার পর জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি ইনস্পেকশন করেছেন। সেখানে অস্ত্রের মজুদ যথাযথ ছিল। এখন ভান্ডারে অস্ত্র না পাওয়ার বিষয়টি ভিন্নভাবে প্রবাহিত করার চেষ্টামাত্র।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মহরম আলী বলেন, পিস্তল ও ম্যাগাজিন হারানোর পর অতিরিক্ত পুলিশ সুপারকে (প্রশাসন) প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

  • Related Posts

    মোহাম্মদপুরে দু’পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ১

    রাজধানীর মোহাম্মদপুরের বসিলা ব্রিজ এলাকায় স্থানীয় কিশোর গ্যাং সাব্বির গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই একজন গুলিবিদ্ধ হয়। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার (১৫…

    বেনাপোল স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

    শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম। আগামী ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে ১৮ ও ১৯ অক্টোবর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মোহাম্মদপুরে দু’পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ১

    মোহাম্মদপুরে দু’পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ১

    বেনাপোল স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

    বেনাপোল স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

    শিক্ষিকাকে চড় মেরে পদ হারালেন বিএনপি নেতা

    শিক্ষিকাকে চড় মেরে পদ হারালেন বিএনপি নেতা

    আগামী ১ নভেম্বর থেকে ভারতে মোবাইলের পর্দায় দেখা যাবে কলারের নাম-নম্বর

    আগামী ১ নভেম্বর থেকে ভারতে মোবাইলের পর্দায় দেখা যাবে কলারের নাম-নম্বর

    মেরুদণ্ডের সুস্থতায় ঘুমানোর সঠিক ভঙ্গি কোনটি?

    মেরুদণ্ডের সুস্থতায় ঘুমানোর সঠিক ভঙ্গি কোনটি?

    ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল আগামী ২৫ অক্টোবর পর্যন্ত

    ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল  আগামী ২৫ অক্টোবর পর্যন্ত